Skip to main content

কবিতা বিশ্বে নন্দিত সংকলন ‘দিব্যেন্দু ভট্টাচার্যের নির্বাচিত কবিতা’


গালে হাত, অধোমুখে ম্লান ম্লান ছায়া, এরকম পিছু ফিরে থাকা
কেমন অসহ্য মনে হয়
………
সক্ষম যুবক আমি, এই পৃথিবীর বুকে চেঁচিয়ে বলতে পারি -
আমার যা কিছু ত্রুটি সব নিয়ে আমি
ক্রমশ এগিয়ে যাব
ভুলের কাঁটার ঘায়ে গোলাপ ফুটেছে এ-তো
প্রামাণ্য নজির
এমন বিষণ্ণ ছবি শরীরে এঁকো না নারী, নিজেকে ছড়িয়ে দাও
গালে হাত, অধোমুখেকেমন অসহ্য মনে হয়
আমার ভেতরে এক দুরন্ত শিশুর ছবি, তুমি কি বোঝো না তার ভাষা ?
(কবিতা - ‘তুমি কি বোঝো না তার ভাষা’র অংশ বিশেষ)
বস্তুত এই একটি কবিতা - যা কিনা আবার বিশাল এই কাব্যগ্রন্থের প্রথম কবিতাও - গ্রন্থের নির্যাস নির্ধারণ করে দেয় কাব্যশৈলী এবং কবিতার ভাব, নির্মিতি ও অন্তর্নিহিত নান্দনিকতার নিরিখে। প্রসঙ্গত এই কবিতার পঙ্‌ক্তি বিন্যাস এবং যতি চিহ্নের ব্যবহার উল্লেখযোগ্য। কবি দিব্যেন্দু ভট্টাচার্যের সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ ‘দিব্যেন্দু ভট্টাচার্যের নির্বাচিত কবিতা’। সার্বিক নবম সংকলন - যেখানে রয়েছে ইতিপূর্বে প্রকাশিত প্রতিটি গ্রন্থ থেকে নির্বাচিত গুচ্ছ কবিতার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এক গুচ্ছ অগ্রন্থিত কবিতা। সব মিলিয়ে ১৬০ পৃষ্ঠার এই আলোচ্য গ্রন্থে রয়েছে নয়টি বিভাগে বিন্যস্ত ১৬৪ টি কবিতা।
শিরোনামহীন ভূমিকায় কবির কিছু কথন গ্রন্থটির ভাবধারার সঙ্গে পাঠকের এক নিবিড় সম্পর্ক তৈরি করে দেয়। ‘নির্বাচিত কবিতা অথবা শ্রেষ্ঠ কবিতা কাকে বলে কোন হিসেবে বলে তা আমি জানি না। ... কবিতা লিখতে ভালো লাগে, না লিখলে নিজেকে কেমন অসম্পূর্ণ মনে হয়। ... আমার কাছে কোনও শ্রেষ্ঠ কবিতা নেই, তাই শুধু ‘নির্বাচিত কবিতা’ নাম দিয়ে প্রকাশ করছি বাধ্য হয়ে। ...’ ভূমিকায় কবি মনের সারল্য, স্পষ্টবাদিতা এবং কবিতার প্রতি নিবেদন ফুটে ওঠে।
কবিতার ছত্রে ছত্রে রয়েছে কবি জীবনের কথা, গভীর জীবন বোধের সংলাপ - কিছু সরাসরি, কিছু কাব্যিক কথকতার ছোঁয়ায়। প্রায় প্রতিটি কবিতাই প্রথম পুরুষে লিখা। তাই ‘আমি’, ‘আমার’, ‘তুমি’, ‘তোমার’ আদি ধ্বনিত হয়েছে নিরন্তর। আছে স্বনামে সম্বোধিত কবিতাও (কবিতা - সম্পর্ক)। অনেক কবি, সাহিত্যিক, সমালোচকের ভাষায় প্রথম পুরুষে নান্দনিক কবিতা সৃষ্টি হয় না, হতে পারে নাএই ধারণাকে সমূলে নস্যাৎ করে দিয়েছেন কবি দিব্যেন্দু। একের পর এক কবিতার অবয়বে নান্দনিকতার ছয়লাপ।
‘সাপুড়িয়া বিধিবদ্ধ হলে, মৃত্যু জেনেছে দ্বার, খোলা দ্বার
বিপজ্জনক - এই হাতে আলো নেই, বেণুবেলা বিঘ্ন অতিশয়।
সুখে থেকো যাবৎ জীবন - এ আমার - এ তোমার -
বিপন্ন সারস, পারিপার্শ্বিকের দিকে আড় চোখে তাকাতে শেখেনি।
গাছ থেকে ছায়া ঝরে; ঝাড়বন্ধ বিলাসী গাছেরা
সংকল্পে অটল - এক ঘুঘু উড়ে গেল -
এ আবার কেমন পাহারাধারি......’
(কবিতা - ‘বোধিসত্ত্ব’-এর অংশ বিশেষ)
এ গ্রন্থে সংকলিত হয়েছে তাঁর ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থ ‘সৈকতে’ থেকে ১২ টি, ‘সৌর-শরীর থেকে’ থেকে ১৭ টি, ‘নীল সমুদ্দুর থেকে’ থেকে ১৯ টি, ‘উন্মোচিত স্মৃতি’ থেকে ২৭ টি, ‘অনন্ত নীরব’ থেকে ১৮ টি, ‘লাবণ্য-পাথর’ থেকে ৩০ টি, ‘নৈঃশব্দ্যের ধ্বনি’ থেকে ১৯ টি, ‘দ্বৈত সহবাস’ থেকে ৮ টি এবং পত্র-পত্রিকায় প্রকাশিত ১৪ টি কবিতা। স্বভাবতই বোধগম্য যে জানুয়ারি ২০১২তে প্রকাশিত কবির ‘লাবণ্য-পাথর’ কাব্যগ্রন্থেই রয়েছে কবির অধিকাংশ স্বনির্বাচিত কবিতার সম্ভার। এই পর্বে আছে একই শিরোনামে একটি অনন্য কবিতাও -
‘কে জানে কখনও আর ফিরে আসা
হয় কি না হয়
আংটি ছেড়ে খসে যাওয়া হে স্বাধীন লাবণ্য-পাথর -
যতটুকু যেতে চাও চলে যাও, এসময়ে আর
পিছু ফিরে তাকিয়ো না -
ফের যদি দেখা হয়, এসেছে সময় মনে করো, তবে
ঠিকঠাক ঘুরে যেয়ো
......
তবু কিছু থাকে, শেষের পরেও থাকে কিছু কথা -
থাকে অবশেষ। তাই
ফিরে ফিরে এভাবে আসবে জেনে
বারবার আসবে বলেই শুধু অপেক্ষায় থাকি -
খাঁজে বসা ঝকঝকে আংটির পাথর, তুমি
ফুটে উঠবে ফুল হয়ে, পাখি হয়ে
আশরীর জড়-আতান্তরে...
......
তাই, আমি আংটি হতে চাই -
লাবণ্য-পাথরে দ্যুতি হাসবে বলেই তাকে
জড়াবো দু’হাতে, তার
ছলকে ওঠা চমকে চমক নেমে আসে
ঠোঁটে, খাঁজে খাঁজে, চুমুকে চুমুকে
সেই ছটা ছড়াবে রোদ্দুর।‘
(কবিতা - ‘লাবণ্য-পাথর’ এর অংশ বিশেষ)।
শব্দের অসাধারণ প্রয়োগে এভাবেই একের পর এক কবিতা হয়ে উঠেছে কাব্যময়। কাব্যিক মায়াময়তায় ভাস্বর হয়ে রয়েছে বহু কবিতা। কবিতা পাঠকের পঠন যাপনের খোরাক।
পাকা বাঁধাইয়ে স্বচ্ছ নান্দনিক প্রচ্ছদ - সৌজন্যে সৃজন। হাইলাকান্দির ‘সাহিত্য প্রকাশনী’ থেকে প্রকাশিত এই গ্রন্থটি কবি শ্রদ্ধা ও ভালোবাসায় উৎসর্গ করেছেন তাঁর ‘বাবা ও মা স্বর্গীয় দিগিন্দ্রনাথ ভট্টাচার্য ও কমলা ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশে’নিটোল ছাপাই ও অক্ষর বিন্যাস। ‘প্রায়’ নির্ভুল বানানে সমৃদ্ধ এই সংকলনের কিছু কবিতায় কিছুটা স্রোতের বিপরীতে (হয়তো বা কবির মননে প্রাসঙ্গিক) কিছু শব্দ এসে জায়গা করেছে। যেমন - পায়তাড়া, গাড্ডা ইত্যাদি। দ্বিতীয় ব্লার্বে কবি পরিচিতি থাকলেও প্রথম ব্লার্বে প্রকাশকের তরফে গ্রন্থ পরিচিতি অনুপস্থিত, ফলত অসজ্জিত দ্বিতীয় প্রচ্ছদ।
কবিতার অভুবনায়িত বিশ্বে দিব্যেন্দু ভট্টাচার্যের ‘নির্বাচিত কবিতা’ এক ব্যতিক্রমী গ্রন্থ হিসেবে জায়গা করে নিয়েছে নিঃসন্দেহে। পাঠক হৃদয়ে নন্দিত এই সংকলনের পঠন শেষে পাঠক ভবিষ্যতের আশায় পথ চেয়ে থাকবে এও নিশ্চিত।
বিদ্যুৎ চক্রবর্তী। 
‘দিব্যেন্দু ভট্টাচার্যের নির্বাচিত কবিতা’
দিব্যেন্দু ভট্টাচার্য
মূল্য - ১৫০ টাকা
যোগাযোগ - ৯৯৫৪১৪৬০৯২

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...