আর কত বিবর্ণ হবে এ পৃথিবী ? সকাল হতেই রোজ একরাশ ছাই এসে যেন ধূসর করে দিয়ে যায় সব পথঘাট । এরপর সারাটি দিন শুধু ছটফট কথার অসহায় পাখশাট …… কেন যে ছাই অমন করে ভালোবাসার গায়ে ছড়িয়ে দিয়েছি কলঙ্ক কথার ছাইপাঁশ । সেই থেকে শম্বুক - খোলসে লুকিয়েছি মুখ তবু রোজ , অহরহ মনের জানালা ঘেঁষে কেন যে দাঁড়ায় এসে রাশি রাশি কথামুখ সেইসব নির্বাসিত দিন গুজরান আর … একের পর এক অঘটন বিজড়িত অসহায় যাপন । দু ’ দণ্ড জিরোতে চাই আমি , ফেলে আসা দিনের মতো সেই বুকটি চাই যে বুকে মাথা গুঁজে আদর কুড়িয়ে , সোহাগ কুড়িয়ে ছড়িয়ে দেব আকাশ জুড়ে , ঢেকে দিতে সব ধূসর যাপন ছাই আর অসংলগ্ন সব অপরাধ । যাক মুছে সব অকারণ অবসাদ , যত আবছা আঁধারের মতো পাগলপারা আবরণ । উন্মুক্ত হোক এ নিটোল আকাশ , যাক চলে সব বৃথা মন - উচাটন ।
স্বপ্নের ফেরিওয়ালা