এভাবে না বলে না কয়ে আসতে আছে বুঝি বন্ধু ? হৈ হৈ করে আমার খোলা জানালায় এভাবে চলতে চলতে মহাকায় তুমি যে এলে আমি বিব্রত বিমূঢ় বিধ্বস্ত। অথচ কত দিন কত নিভৃত বেলায় ছুটে গেছি তোমার কাছে রূপে তোমার অপার মোহ গুণে সর্বোত্তম বলেছি কত নিভৃত গোপন কথা কত দীর্ঘশ্বাস , কত না বলা কথার ব্যথা। আপন ভেবেছি বলেই তো বন্ধুর মতো ধরতে চেয়েছি হাত। আজ কেন রুষ্ট তবে তুমি ? অজানিতে করেছি কোথাও আঘাত ? এমন করে এসো না বন্ধু আর যাও চলে যাও এবার। তোমাকে বসাই কোথা বলো সযতনে , সহাস বদনে স্বাগত জানাবো তোমাকে সে শক্তি আমার কোথায় বলো ? হে বন্ধু , হে বরবক্র - প্রিয় হে আমার স্নিগ্ধ চিত্ত সখা দাও ফিরিয়ে এ নগর - যাও ফিরে আপন ধারা পথে আমি আবার যাব শেষ বিকেলে প্রাণের কথায় উঠব আবার মেতে নিঃশঙ্ক যাপনে তোমারই কোলে।
স্বপ্নের ফেরিওয়ালা