একলা বৈশাখ ১লা মানে পয়লা হবে, জানতাম তা। একদিন যে সত্যি হবে পয়লা মানে একলা থাকা ভাবিনি তা। সময়ের তো অবিশ্রান্ত পথ চলা বিশ্ব জোড়া টালমাটালেও ফিরে আসা নিক্তি ধরে, ইচ্ছে হয় আজ বলি তারে - এই অশুভ যাপন বেলায় নাই বা এলে হে নূতন, আর ক'টা দিন পরেই নাহয় এসো। এখন থেকে ফি বছরে একঘেয়েমি কথা পয়লাতে যে একলা থাকার বাধ্যবাধকতা। এসেছে আজ নতুন বর্ষ অকাল বেলায় গরহাজির আবারও সব আনন্দ আর হর্ষ। মন ভালো নেই আজ পৃথিবীর চূর্ণ দম্ভ বিশ্ব মানব জাতির, মিথ্যে যত বড়াই, যত ঠুনকো অহংকার। পাপবিদ্ধ কৃতকর্মের গুনছি মাশুল আজ পদে পদে দিচ্ছি শুধু ভুলের খেসারত। চুলোয় রেখে সমাজ নীতি আপনজনকে দূরে ঠেলে আঁকড়েছি সব রাজার নীতি। সংস্কারকে ঠাট্টা করে উঠছি মেতে নূতন নূতন খেলায়। এবার শুধু হাহাকারে করছি প্রায়শ্চিত্ত, তাও বলি নববর্ষে নতুন আশায় - আসুক ফিরে হারানো সেই দিন, শুদ্ধ হোক এ মন, উঠুক ভরে চিত্ত।
স্বপ্নের ফেরিওয়ালা