কেনো আজও ? মাড়িয়ে এসেছি কবেই সে পথ খাঁজে খাঁজে ছলকে ওঠা পাহাড়পথ। সেই ছলছল মদমত্ত ফেনিল অবয়ব ফেলে আসা কত অবাক হরিণ চোখ। আজ সব ইতিহাস , শুধু বর্ধিত কলেবর পলিতে পলিতে মেদবহুল মন্থর গতিপথ। তবু কেন আজও অতীত ধারায় একই সুরে বাজে সুর হৃদয় দোলায় , একই শিহরণ অঙ্গে অঙ্গে। পুলকে খুলে যায় বন্ধ বাতায়ন বিস্ময়ে জেগে ওঠে অবিকল সেই দামাল বেলার মাতাল মন। জীবন পথের অগোছালো সান্নিধ্যে কিংবা নিছক কল্পনা আবেশে আনমনা আমি যাই হারিয়ে মুহুর্মুহু। তুফান উঠে পাশাপাশি পথে যেতে হৃদয় দুয়ারে ছলকে উঠে অহরহ সেই উচ্ছ্বাস অবিকল আগেরই মতো। সব ছেয়ে থাকে শুধু অবাক ' তুমি ' সেদিনের তুমি - আজকের তুমি। এখানে ওখানে যতই দূরে হোক যতই পাল্টে ফেলো রূপ , অবয়ব আমি তো হারাই তোমাতেই - সেই সুরে সেই সকালের সুরেলা হিন্দোলে। তবে কি এমনি করেই থাকবে তুমি যখন আমি থাকব মোহনায় , বিলীন বেলায় - ধরা ছোঁয়ার বাইরে ? সেদিনও কি থাকবে হৃদয় পাশে , এমনি করেই বাসবে ভালো - মন খারাপের বেলায় ?
স্বপ্নের ফেরিওয়ালা