আকাশে পাখা মেলে উড়তে চেয়েও থমকে রইলে কেন শাশ্বতী ? মাটির টান কি এতই অমোঘ, তোমার লালিত স্বপ্নের চেয়েও বড় ? সারাটি জীবন আমাকে শুধু ভুল বুঝেছ তুমি। ছড়িয়েছ রাশি রাশি ঘৃণা। আমি নীরবে হয়েছি নীলকণ্ঠ শুধু মুখবন্ধেই বন্ধ রেখেছি মুখ। এখন তুমি অশ্বমেধের ঘোড়া হও শাশ্বতী দুলকি থেকে টগবগিয়ে ছুটে চলো আকাশে বাতাসে ছড়িয়ে দাও বজ্রনির্ঘোষ হ্রেষারব তোমার পথ আটকাবে কার সাধ্যি ? তুমি আমার দেখা সবচে' বড় বাস্তব তাই তো করেছি বাঁধনহারা আমিও হয়েছি আজ অভিযোগমুক্ত। এবার যখন সামনে তোমার অবারিত বিশ্ব তখন এ তোমার কেমন সমাপতন ? আসলে কি জানো শাশ্বতী, জীবন শুধু কল্পনার রঙ মেশানো উড্ডীয়মান ফানুস নয় কখনো। বাস্তব বড় নিদারুণ, এতদিন তুমি চার দেয়ালে রচে গেছ শুধু কল্পনা মেশানো বাস্তব, অথচ আকাশ জুড়ে উড়তে চাওয়ার বেলায় তুমি আজ কত অসহায় শাশ্বতী।
স্বপ্নের ফেরিওয়ালা