নাচার বৃক্ষ হৃদয় মাঝে মাঝে মনে হয় দু ' হাতে উপড়ে ফেলি কলজেটাকে । দহন বেলার অসহায় মন পোষ না মেনে কাঁদায় শুধু , পোড়ায় শুধু ব্যর্থ নিরাশায় - অসম্ভবের পথের দিশায় । অধরা সুখের প্রত্যাশা স্রোতে উজান বেয়ে ছলকে উঠে মন , খেই হারিয়ে ছুটে যায় মুহুর্মুহু । অদর্শনে ব্যথায় কাতর হৃদপিণ্ড শতেক বাধার অমোঘ নিদান শর্তে পিছিয়ে আসে বিষণ্ণ ভাটির স্রোতে । দুই দশকের ফারাক জমিন আসমান সুখ বনানীর লাবণ্যে ভরা প্রাণ , আকাশ ভরা বৃক্ষ পত্ররাজি দূরেই বাঁচে দীর্ঘশ্বাসের সাথে , জুড়ায় দু ' চোখ গুল্মলতার ফাঁকে গুমরে মরে নাচার বৃক্ষ হৃদয় ।
স্বপ্নের ফেরিওয়ালা