নাচার বৃক্ষ হৃদয়
মাঝে মাঝে মনে হয়
দু'হাতে উপড়ে ফেলি কলজেটাকে।
দহন বেলার অসহায় মন
পোষ না মেনে কাঁদায় শুধু,
পোড়ায় শুধু ব্যর্থ নিরাশায় -
অসম্ভবের পথের দিশায়।
অধরা সুখের প্রত্যাশা স্রোতে
উজান বেয়ে ছলকে উঠে মন,
খেই হারিয়ে ছুটে যায় মুহুর্মুহু।
অদর্শনে ব্যথায় কাতর হৃদপিণ্ড
শতেক বাধার অমোঘ নিদান শর্তে
পিছিয়ে আসে বিষণ্ণ ভাটির স্রোতে।
দুই দশকের ফারাক জমিন আসমান
সুখ বনানীর লাবণ্যে ভরা প্রাণ,
আকাশ ভরা বৃক্ষ পত্ররাজি
দূরেই বাঁচে দীর্ঘশ্বাসের সাথে,
জুড়ায় দু'চোখ গুল্মলতার ফাঁকে
গুমরে মরে নাচার বৃক্ষ হৃদয়।
Comments
Post a Comment