Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৯৮

উনিশ ছড়ায় কৃষ্ণচূড়া লাল

কৃষ্ণচূড়ার পাতায় পাতায় অক্ষর সোচ্চার আবার এসেছে অমর উনিশ , তপ্ত চরাচর , জ্যৈষ্ঠ শুরুর গনগনে আঁচ ছড়ায় নভোনীলে বারুদ গন্ধে বাতাস ভারী , বক্ষে বৈশ্বানর ।   এ গন্ধে জাগ্রত হয় প্রজন্ম জোড়া প্রত্যয় সেই প্রতীতি , ভাষার গরজ জমাট বাঁধে বুকে ,  হাপর তলে লুক্কায়িত তপ্ত বহ্নিশিখা দহন বেলায় ছলকে ওঠে পাথরচাপা শোকে ।   বরাক যেদিন ঠাঁই নিয়েছিল বিশ্বের মানচিত্রে দেখেছে বিশ্ব আগ্রাসনের নগ্ন স্বরূপ ছবি ,  ধরে হাতে হাত রাজপথ জুড়ে সংগ্রামী সত্তা রুদ্ধ প্রাণের স্পন্দন , আছে ইতিহাসে লেখা সবই ।   সেদিন থেকেই রুধির ধারা প্রবাহিত অবিরল এগারোটি প্রাণ শহিদের বেশে জাগ্রত চিরকাল , দশ ভাই আর কমলা বোনের উত্তরাধিকার সূত্র উনিশ ছড়ায় তটিনী বিটপে কৃষ্ণচূড়া লাল ।