Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২২৩

শরৎ

আবার এসেছে স্নিগ্ধ শরৎ শিউলি শিশিরে আলিঙ্গন , শারদ সুবাসে দোদুল হৃদয় ভোরের আমেজে উতলা মন । শরৎ মানেই কাশফুলে আর ঘাসফুলে যত আলাপ তান শরৎ মানেই শিমূল পলাশে কিচিরমিচির গজল গান ।   নীলাকাশ জুড়ে বলাকার ঝাঁক পারাপার শুধু সাঁঝসকাল পেঁজাতুলো মেঘে পথে যেতে যেতে মুচকি হাসিতে টালমাটাল । শরৎ মানেই সুপ্রভাতের আধফোটা ফুল চয়নসুখ ভরে নিয়ে সাজি মণ্ডপ পানে বালক বেলার সহাস মুখ ।   সকাল হতেই হিসেবনিকেশ শারদোৎসব নির্ঘন্ট মনাকাশ জুড়ে একখানি মুখ সবার উপরে নীলকণ্ঠ । শরৎ মানেই প্রান্তর জুড়ে কিশোরী ধানের উত্তরন শরৎ মানেই জল সহচরে হংসমিথুন সন্তরণ ।   পাহাড়ি ধারার মন্দ্রবিভোর কুলুকুলু পথে অবরোহন পথে যেতে যেতে বনানীর সাথে স্নিগ্ধ হাসিতে সম্বোধন । শরৎ মানেই নতুন কাপড় নতুন বন্ধু বাহির ঘর শরৎ মানেই নব পত্রিকা নতুন ' শব্দ নিরন্তর ' ।