যাক উড়ে আজ ভাবনা যত আমার ভাবনাগুলো বেড়ায় উড়ে নিয়ত আপন খেয়াল খুশির মতো , সময় পেলেই মত্ত বিলীন সৃষ্টি সুখের নেশায় । তোমায় নিয়ে গড়েই চলে একের পর এক মহল যত - রঙ বেরঙের অমর প্রেমের সৌধ । মণিকোঠায় সাজিয়ে রাখে তোমার যত মুচকি হাসির ছবি । একের পর এক মন জানালায় সাজিয়ে রাখে সুখের চাবিকাঠি । মাঝে মাঝে রুদ্ধ বাতায়নে বিফল মনোরথে - স্তব্ধ বেলায় পথ চেয়ে রই দীর্ঘ হা - পিত্যেশে , আসার অসার আশায় । হার মেনে যায় বয়স - যখন সাঁঝের বেলায় ভুল করে গাই রামকেলি বা হিন্দোল - কিংবা আশার ব্যর্থ আশাবরী । এমনি করেই ভাঙছে হৃদয় কাটছে যে দিন নিত্যদিনের দগ্ধ যাপন বেলায় - শুধু ভাবনাগুলো যাক ভেসে আজ ইথার বেয়ে তোমার মনন জুড়ে , আমার চাওয়া নয় তো পাওয়া শুধুই যে চাই চোখের দেখায় এমনি করেই থাকবে আমার হৃদয় জুড়ে ।
স্বপ্নের ফেরিওয়ালা