পূর্বপুরুষ - একাদশ শহিদ উনিশ আসে, উনিশ যায় কালের পাতায় পুরুষ্টু হয় ইতিহাস যোগ হয় কিছু নতুন মর্মগাথা কিছু চর্বিতচর্বন, কিছু কথা ও কবিতা। 'ইথার খোঁজ'-এ পাল্টায় কিছু সংখ্যা ঘুরে ফিরে আসে কিছু নাম বিস্মৃত অবয়ব, সাবেক ও অধুনা ঠিকানা অকাল বেলার সাধনোচিত ধাম। ফিরে আসে কিছু শিহরণ কিছু আভিজাত্য, অভিমান কিছু অধরা অধিকার, কিছু গাত্রদাহ, কল্পনাবিলাসী কিছু ঠুনকো অঙ্গীকার। এর পর - আবার পড়ে থাকে মৃত লাশ হয়ে, ছাইচাপা হয়ে - দীর্ঘ বারোটি মাস। তবু বেঁচে আছি উত্তরাধিকার সূত্রে ভাষার গরব, ভাষার অধিকারে। বুক বাজিয়ে আমরাই বলি আজ - পূর্বপুরুষ - একাদশ শহিদ, পূর্ব বাড়ি - ভাষা শহিদ চত্বর, যেখানে সঞ্চিত ক্ষোভ গনগনে আঁচ ছড়ায় গ্রীস্মকাল প্রজন্মে আবীর ছড়ায় - কৃষ্ণচূড়া লাল।
স্বপ্নের ফেরিওয়ালা