শনিবারের সেই বিকেল এখন আর নেই আর পাঁচটা বিকেলের মতো ফিকে হয়ে গেছে। এখন আর আলাদা করে রবিবার বলে কিছু নেই এখন সব দিন রবিবার , সব দিন একাকার। কাজে অকাজে , খেয়ালে খুশিতে এক ইচ্ছেযাপন। সোমবার দুপুরে হঠাৎ করে বুকের মধ্যে আকুলিবিকুলি , কত দিন হল কথা নেই , দেখা নেই। - কেমন আছ বাতিঘর ? - আশ্চর্য !! তোমার কি মাথাটা গেছে ? এই ভর সোমদুপুরে টেলিফোন ? আমার কি অফিস আদালত নেই ? দাঁত দুপাটি নিজে থেকেই চেপে ধরে জিভ ! ইস্ !! এতটাই কাণ্ডজ্ঞানহীন ? ক্রেডেলে নামিয়ে ফোন আমি চেয়ে রই অপলক কিছু নেই সামনে , সব সং-সার হিজিবিজি আমার ফসিল যাপন আজ ফসলবিহীন। বাতিঘর দাঁড়িয়ে আছে নিজের গরিমা নিয়ে আমি - খুঁজে না পাওয়া শব্দের মতো নজরবিহীন জলসাছুট বাতিল বেদুইন হয়ে।
স্বপ্নের ফেরিওয়ালা