কতটা ক্ষীণতনু হলে তার বিভঙ্গে তুফান ওঠে হৃদমাঝারে ? কতটা সরলরৈখিক হলে তার লাস্যে ঝরে পড়ে সব সঞ্চিত বলবীর্য ? অনাদিকাল ধরে হেঁটে হেঁটে পদব্রজলাঞ্ছিত ধুলোবালির মতো , জটাজুটধারী সন্ন্যাসীর মতো ক্লান্ত যে পথিক , অনুষঙ্গে তার কে ছড়াবে বিভঙ্গ ? কোন অক্লেশে সঞ্চিত হবে ভালোলাগা কথার সুরম্য পাটিগণিত ? কোন রেখাচিত্রে অঙ্কিত হবে সুললিত ছন্দগাথা ? কেউ জানে না , শুধু জানে বহতা নদীর বহমান স্রোতধারা , আর বুনোফুল থেকে বয়ে আসা , গোলাপের গায়ে লেগে থাকা - অজস্র কাটাকুটির মতো বিচ্ছিন্ন , নিরবচ্ছিন্ন সব কবিতা ।
স্বপ্নের ফেরিওয়ালা