এ মায়াবী শহর তোমাকে দিয়েছে কি ঠাঁই নিভৃতে দু’দণ্ড বসে কবিতা লিখার ? কোথায় বেঁধেছ ঘর কোথায় ঠিকানা ? এ জীবন ঠিকানাবিহীন, শুধু পথ চলা মাঝে মাঝে খানিক থমকে থাকা শুধু সেখানেই ঘর, ঘর নেই তার সবখানে ঘর। মাঝরাতে এ শহর ছলছল পালটায় রূপ আমি কান পেতে শুনি তার নিভৃত সংলাপ হারানো ছবির কোলাজে ডুকরে ডুকরে কথা বলে শহর, চুপি চুপি নৈঃশব্দ্যের ঘেরাটোপে। এ শহরের বুকে পা পড়েনি আমার পূর্বপুরুষের ঘরছাড়াদের কী আর গ্রাম, কী আর শহর আমার জন্মজল বহন করেছে যে গ্রাম তার কাছে বাঁধা আমার আমৃত্যু যাপন। এ শহরের মাটি, সে আমার নয় - আকাশে বেঁধেছি ঘর যে ঘরে ডাগর হয় আমার সন্তান, যে ঘরে রোজ বেড়ে ওঠে কবিতার অবয়ব আর রাত গভীর হলে প্রগাঢ় হয় ভালোবাসা… এভাবেই তিলে তিলে কোথা যেন সুখটান নিশিদিন এ শহরের মাটি হোক আমার অন্তিম বাসা কোলাজে নিঃশব্দে এখানেই হব আমি লীন।
স্বপ্নের ফেরিওয়ালা