Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪৮

যুদ্ধ-সন্ধি

যুদ্ধ চলছে, যুদ্ধ - ভয়ানক কিছু ঘোষিত, পরাক্রমের বড়াই কিছু অঘোষিত - বেঁচে থাকার লড়াই। আমি নিজেরই অজান্তে জড়িয়ে গেছি যুদ্ধে - অশরীরী গুলি বারুদের যুদ্ধ নয় এ হৃদয় জুড়ে একরাশ টানাপোড়েন শুধু। জীবন মৃত্যুর দোলাচলে আমার স্নিগ্ধ অতীত, সুখ স্বপনের দোলায়িত ভিত্তি। সময় সারণিবিহীন এ এক অকালযুদ্ধ যে যুদ্ধে একটি প্রাণের পাশাপাশি অস্তিত্ব সঙ্কটে থরথর কাঁপে আমার জীবনজোড়া সুখ - পাশাপাশি কিংবা মুখোমুখি। যে সুখ থাকেনি সুখ হয়ে হারিয়ে গেছে যুগপ্রভাতে, যে সুখ একদিন দুঃখ হয়ে ঝরে পড়েছে নীরব অশ্রু হয়ে, যে সুখ এর পরেও হৃদয়ের কোনও এক নিভৃত বাসরে থেকে গেছে আপন গরজে, আপনি মজে সেই দুঃখসুখের অন্তবেলায় যুদ্ধবিধ্বস্ত আমি তারই গান শুনি যে গান বেজেছিল একদিন মন্দিরে মন্দিরে দ্বৈত প্রণামে - পাশাপাশি নিরালা অলিন্দে খুনসুটিতে, অলীক সোহাগে, অকারণে। আজ হোক না কোনো সন্ধি, কাটুক বেলা এমনি যুদ্ধবিহীন অন্তরালে।