নীরবে এসেছে বসন্ত - শহর জুড়ে পথে পথে স্খলিত পাতাদের ভিড় উদাস, বিষণ্ণ দুপুর ... নাছোড় বেহায়া পাতারা ধুলোমাখা আশরীর। সব হারিয়ে নিঃস্ব বৃক্ষরা ঠায় দাঁড়িয়ে সারি সারি - পথপাশে বৃষ্টিমুখো নির্জলা বসন্তে। পাহাড়ের বুক থেকে খসে আসা মাটির বুক থেকে ধুলোরা সব উড়ে এসে জুড়ে বসে শহর জুড়ে - বাতাসের গায়ে গায়ে। এক হাতে মুখ ঢেকে পাতাদের ফাঁক গলে হেঁটে যায় এক কিশোরী বালিকা - চেনা অচেনার ঘেরাটোপে। এক হাতে সাজি তার ভরন্ত ফুলে দেবতার দুয়ারে আজ বসন্ত উৎসব বনানী জুড়ে তাই ঝিঁঝিঁ পোকার নহবত। যতই উড়ুক ধুলো, ধূসর চরাচর কিশোরীর চোখ জুড়ে আগত আনন্দ গুল্ম পাতার ফাঁকে ফুটেছে কুসুম কিশোরী হৃদয় জুড়ে আজ মধুর বসন্ত।
স্বপ্নের ফেরিওয়ালা