কবিতায় ভেসে থাক এই পৃথিবী কবিই তো ভগবান ঈশ্বর কবি , কবিতায় ভেসে থাক এই পৃথিবী। যা কিছু সত্য শিব যা কিছু প্রিয় , যত আছে ভালবাসা - প্রেম যাবতীয়। গাঁথা হোক কবিতায় প্রকৃতি ছবি , আঁধারিতে ইন্দু - দিবসে রবি। কবিতায় ধরা থাক সব সুখ ছন্দ , স্বপ্ন বিভোর আজ অধরা মন্দ। যাবতীয় মন্দকে দূরে সরিয়ে রেখে কবিতায় ছন্দ বিভোর কবিই তো ঈশ্বরের আরেক রূপ। একজন কবির পক্ষেই তো সম্ভব সৃষ্টিকর্তা ঈশ্বরের মতো একের পর এক অনাবিল সৃষ্টিতে জীবনের যাপন বেলায় ভরে দিতে অনন্ত রূপ, রস, মাধুর্য। সেই ঈশ্বররূপী এক নিরলস কবি, সাহিত্যের মগ্ন পূজারি আশুতোষ দাস-এর সাক্ষাৎ পেতে ভাষা দিবসের প্রাক সন্ধ্যায় গিয়ে হাজির হয়েছিলাম তাঁর হাইলাকান্দিস্থিত বাসভবনে। বরাক উপত্যকার সাহিত্য আকাশে একাধিক নক্ষত্রের মধ্যে আপন দীপ্তিতে দীর্ঘদিন ধরে ভাস্বর হয়ে আছেন কবি আশুতোষ দাস। সামাজিক মাধ্যমে একদিন ইচ্ছা প্রকাশ করেছিলেন কবি - আমার সান্নিধ্য পেতে তিনি উৎসুক। এ যেন এক বহতা অখ্যাত নদীকে সাগরের সাদর আহ্বান। সেই থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম। আগের রাতে টেলিফোনের মাধ্যমে সময় স্থির হয় - বিকেল সাড়ে চারটে। সেই অনুযায়ী ঘড়ির কাটা ধর...
স্বপ্নের ফেরিওয়ালা