ব্যথার ফেরিওয়ালা কেন বারবার ফিরে ফিরে আসে সে ? ব্যথার ফেরিওয়ালা ? অবয়বের রকমফের জাগিয়ে তোলে চেনা অসুখ , হানে আঘাত - বারবার। অব্যক্ত ভাষায় কেন আজও দিয়ে যায় রাশি রাশি উন্মাদনার ব্যথিত ক্ষণ ? অনুচ্চারিত প্রশ্নমালার পাহাড় গড়ে গড়ে আমি বেলা অবেলায় হই ব্যথা - বিধ্বস্ত। প্রশ্ন জাগে অহরহ - কেন এখনো ? সে কোন সকালের ঘোর লাগা আলো অবিকল ফিরে আসে পড়ন্ত বিকেলে ? ফিরে আসা আমেজের হাহাকার কথা চিরটি কাল থেকেই যাবে অব্যক্ত হৃদয় কোণে - ধিকৃত বোধে। ব্যথার নতুন পসরা সাজিয়ে ফেরিওয়ালা ফিরবে ডেরায় শেষে , আমার দু চোখ দেখবে শুধু আমার বুকের ধ্বস্ত মোচড় , ভালোবাসায় স্বরচিত সৌধ ধ্বংসস্তুপ।
স্বপ্নের ফেরিওয়ালা