ব্যথার ফেরিওয়ালা
কেন বারবার ফিরে ফিরে আসে সে ?
ব্যথার ফেরিওয়ালা ?
অবয়বের রকমফের জাগিয়ে তোলে
চেনা অসুখ, হানে আঘাত - বারবার।
অব্যক্ত ভাষায় কেন আজও দিয়ে যায়
রাশি রাশি উন্মাদনার ব্যথিত ক্ষণ ?
অনুচ্চারিত প্রশ্নমালার পাহাড় গড়ে গড়ে
আমি বেলা অবেলায় হই ব্যথা-বিধ্বস্ত।
প্রশ্ন জাগে অহরহ - কেন এখনো ?
সে কোন সকালের ঘোর লাগা আলো
অবিকল ফিরে আসে পড়ন্ত বিকেলে ?
ফিরে আসা আমেজের হাহাকার কথা
চিরটি কাল থেকেই যাবে
অব্যক্ত হৃদয় কোণে - ধিকৃত বোধে।
ব্যথার নতুন পসরা সাজিয়ে
ফেরিওয়ালা ফিরবে ডেরায় শেষে,
আমার দু চোখ দেখবে শুধু
আমার বুকের ধ্বস্ত মোচড়,
ভালোবাসায় স্বরচিত সৌধ ধ্বংসস্তুপ।
Comments
Post a Comment