সকাল সন্ধে, রাতবিরেতে খোঁজ শুধু খোঁজ আলেয়া খুঁজি আমি, আপন মনে ঘরে, বাইরে, দালান কোঠায় রাস্তা ধারে, নদীর পাড়ে, চায়ের কাপে সে আছে, সে থাকে - পূর্ণ অবয়বে। কাঠফাটা রোদ্দুরে, লেপমুড়ির অন্দরে গ্রাম শহরে, চত্বরে, বন্দরে আমার মন না মানা অবসরে আমার হাজার কাজের ফাঁকফোকরে। কথায় কবিতায়, ব্যস্ত যাপন বেলায় ‘আমার নয়ন ভুলানো’ আসে স্মৃতির ভেলায়। ‘নয়নের মাঝখানে’ নিয়েছে সে ঠাঁই সে কি ‘কেবলই ছবি’ ? থেকেও যে নাই ? আছে সে তার আপন বিশ্বে খেয়ালি যাপনে আমি আলেয়ার মতো রচি তারে আপন মননে সাজাই তারে মনের মতো রংবাহারে আমার সব কথা রয় মনের গহীন অলিন্দে তার মন গগনের ধরাছোঁয়ার বাইরে। ধরা দিয়েই হয় অবয়ব ফুসমন্তর আমি পাগলপারা খুঁজেই মরি অবান্তর, কে দেবে তার মনের খবর, কোন সে মেঘদূত ? তার কথার বাহার, খুশির ঝিলিক - তার চাউনি, ইশারায়, তারায় তারায় তার ঝাপসা বুলির স্বপ্নকথায় আহ্বানে তার কী যে কথা ভেসে বেড়ায়, আমি খুঁজে বেড়াই অতল সাগর যাই ছুটে প্রাণপনে, দিগন্ত নীল আকাশ পানে নীল পাহাড়ে, সবুজ ধানে - অধরা সে । আছে শুধু নয়নঠার আর মুচকি হাসি আমি আলেয়াকে ভালোবাসি।
স্বপ্নের ফেরিওয়ালা