বুকের ভেতর থেকে ভেসে আসা স্পষ্ট ধুকপুকুনির শব্দ … শোনা যাচ্ছে কান পাতলেই , যেন পার ভাঙা মাটির চাঙড়। কোথায় এত শঙ্কা, এত ত্রাস ? এক নিশ্চিত পতনের আভাস। মাঝে মাঝেই এমনটা হয় স্রোতের বিপরীতে হাঁটতে গেলেই এগিয়ে আসে কিছু অদৃশ্য অক্টোপাস। মিথ্যের বেড়াজাল ডিঙিয়ে যাবার জো নেই নিরুপায় যাপনকাল জুড়ে এক ভীতিময় শূন্যতার হাহাকার। কালের রন্ধ্রে রন্ধ্রে সমূহ পতন বয়ে আনে এক অসহায় ভবিষ্যত বাড়তে থাকে ভাঙন - পলে পলে তাকে আটকে রাখে সে সাধ্য কার ? বাড়ছে প্রজন্মের সর্বনাশা ভাঙন বাজছে হৃদপিণ্ড জুড়ে বিষাদ সংগীতের অনুরণন।
স্বপ্নের ফেরিওয়ালা