Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৭৫

জন্মকথা মৃত্যুকথা

কে আর জানে সব আয়াসলব্ধ জন্মকথা একদিন নদীজলে ভেসে যায় অগোচরে অলক্ষিত জলবিন্দুর মতো উপেক্ষিত লহরে । এরপর জীবনের পথে শুধু যুদ্ধ যুদ্ধ খেলা স্বেদবিন্দু নি : সরণের পালা । জন্মকথা সব কবে আর হয়েছে লেখা পৃথিবীর বুকে সয়েছে যে সেই জানে বেদনার পরিভাষা । প্রাণ থেকে প্রাণের জঠর যাপন বেলা কে আর পেরেছে তারে রাখতে ধরে কবিতার শরীরে ? যেখানে কবিতা নেই সেখানে কথা আছে শুধু নিভৃত গোচরে আর , সেই কথা বয়ে চলে কেউ অনন্ত সময়ের অলিখিত বয়ানপথে আঁকড়ে ধরে নতুনের নব আঙ্গিকে । এভাবেই বেঁচে থাকা , এভাবেই একদিন ফের লেখা হয় মৃত্যুকথা চলমান সময়ের নিক্তি ধরে , যুগে যুগে কালে কালে ঠাঁই পেতে ইতিহাসে … অন্তরালে … ।