Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৭

গৎ বাঁধা ছক

গৎ বাঁধা ছক   বাঁধা ছকের শুরুতেই ভেসে আসে কিছু সাদা কালো দৃশ্য । ' যেমন খুশি সাজো ' র পাট চুকিয়ে এবার শুধু প্রাণপণ পরিচর্যা । মেতে ওঠা ছন্দহীনের ছায়া যুদ্ধে কসরতে কসরতে কল - তান কর্তবে । বিদ্রোহের চোরাস্রোত সামলাতে বিলম্বিত প্রণিপাতে ঘোর প্রাণপাত । অতঃপর বাঁধা গৎ - এ ছকের পর ছকে জল রঙ পা ফেলা । সমে ফেরার রেলা শেষে - বেলা শেষে খেই হারানোর খেলা । এই তো বেশ ভালো থাকা - মিছিলের গান শেষে ঠিক বেঠিকের নিক্তি হিসেব মাপা । ছুটে চলা নির্বিকার স্বভূমির প্রশ্নহীন , অনুসন্ধানহীন , সংশয়হীন চিরস্থায়ী ঠিকানার স্বপ্ন সকাশে । স্বপ্নভূমির স্বেচ্ছা সমাহিত পথে তুড়ি মেরে ফেলে আসা গৎ বাঁধা ছক ।