Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৮৮

বিষয় - ভালোবাসা

আবদারে , শ্রদ্ধায় কেউ বলেছিল একদিন - দাদা , দুটি লাইন লিখে দিন - পত্রিকার জন্য , বিষয় - ভালোবাসা । সেই থেকে দিন দিন ভেবেছি কত কথা , উথাল পাথাল করেছি এ যাপিত জীবন , খুঁজেছি ভালোবাসার চিহ্ন এধার ওধার , একাকার করেছি পুরো পথ , যে পথ ধরে চরিত্রের ভিড়ে হারিয়ে গেছি চিরতরে । তবু পাইনি খুঁজে ভালোবাসার অমোঘ সংজ্ঞা , পারিনি লিখতে দুটি লাইন ।   জীবনে কুড়িয়েছি যত প্রেম ভালোবাসা সম্পৃক্ত আমি আজন্ম বন্ধনে হয়েছি ঋদ্ধ । ভালোবাসার ভিড়ে ভুলেই গেছি একদিন - ভালোবাসা কারে কয় । আজ , এই ব্যর্থ প্রহরে বুকের ভেতর তবু বেজেই চলে অনাহূত নূপুরের ঠমক ছন্দ । পাইনি যা তারই বেদনায় বিস্মৃতি পথে দূরে দূরে সরে যায় যত প্রাপ্তিকথার সুর এই বেদনাই কি তবে সেই ভালোবাসা ? সহস্র প্রাপ্তির মাঝে একটুকরো অপ্রাপ্তিই তবে সেই কাঙ্ক্ষিত ভালোবাসা ?