Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০১

সাপ সিঁড়ি

  সন্ধ্যারাতে তুলসীতলায় সরোজিনীর কন্যা নিয়ম করে রোজ জ্বালায় সান্ধ্য পিলসুজ। তেল-সলতে সাজায় বিনোদিনী -   কাঁধ পেঁচিয়ে আঁচলখানা টেনে ,   স্নিগ্ধ আলোয় জ্বলে প্রদীপখানি।   বিনোদিনীর কন্যা হলো শহুরে নন্দিনী ফ্ল্যাটবাড়িতে তুলসীতলা নেই ,   নন্দিনী রোজ দেয়াল খোপে একবার   মাথা ঠেকায় ঈশ্বরের ছবিতে।   সারাদিনে ছবিতে আর আসেন না ঈশ্বর।   সান্ধ্য প্রদীপ বিনোদিনীর নিত্যদিনের অশ্রু ফেলে আসা তুলসীতলার স্মৃতি জ্বালায় পোড়ায় , অতীত এসে কাঁদায়।   ঠিকরে উঠে উদ্ভাসিত করুণ আলোয়   বাস্তুচ্যূত , মৃত মায়ের দরদী মুখখানি।   ইতিহাসের ইতিবৃত্ত সব জানে নন্দিনী বিনোদিনীর মায়ের স্মৃতি প্রজন্মে ম্রিয়মান ঘুরপথে আসে - সাপ সিঁড়ির ওই সাপ বিষবাস্প ছড়ায় আজও তিন প্রজন্মে ভাসে তুলসীতলায় সরোজিনীর লাশ।   তার বুঝি আর পর নেই - শুধু   হাহাকার আছে মন আকাশটি জুড়ে   ক্রোধের আগুন নির্বাচিত কালেরই গর্ভে।   হারিয়ে গেছে ছকের সিঁড়ি , উত্তরনের ধাপ আসে ফিরে বারেবারে বিষাক্ত সব সাপ।