সেই মাটি আজ দোলায় হৃদয় আমি ছুঁয়ে যাব সেই মাটি যেখানে আমার হৃদয় আছে , যেখানে হৃদয়ের কথা আছে। আছে সকাল বেলার প্রথম অন্বেষণ আছে সারা দিনের লুকোচুরি , আছে গভীর রাতের অন্তরঙ্গ ক্ষণ। আমি ছুঁয়ে যাব সেই মাটি আমার মন পড়ে রয় নিশি দিন , যে মাটিতে সুখের খেলা ঘর। যেখানে সোনার কাঠি মাথায় নিয়ে রাজকন্যা ঘুমিয়ে থাকে , বিবর তলে সুপ্ত সোনার দুন্দুবুড়ি হয়ে। আমি ছুঁয়ে যাব সেই মাটি যে মাটিতে জানতো না মন লুকিয়েছিল সুখের ভবিষ্যৎ । কিংবা শুধুই আলেয়ার হাতছানি অনির্ণীত সুখের মানস ছন্দে কাটবে বেলা জীবন পথে এমনি। আমি ছুঁয়ে যাব সেই মাটি যে মাটিতে অতীত সাদা কালো অনুভবের অজানা গোড়াপত্তন। এবার , সোনার ফসল কাঁপন ধরায় বুকে মাঝপথে আজ সঘন হারাই খেই দোলাচলে থমকে সুখ ও শোকে। আমি ছুঁয়ে যাব সেই মাটি যে মাটিতে প্রোথিত সুখের আকর কালের স্রোতে সুখের রকমফের। উর্বরা সেই মাটিতে ফের আজ নতুন ডাগর উছল মাধবীলতা দোলায় হৃদয় ব্যর্থ সুখের কোলাজ।
স্বপ্নের ফেরিওয়ালা