এত রূপ , এত সৌন্দর্য , এত সুখের আকর , সে দেখেছিলেন আমার বাবা । তোমারই আশেপাশে , চারদিকে ছিল তাঁর কর্মমুখর , মর্মমুখর আনাগোনা , বহু বেশি চেনা , সেইসব নামগুলি তাঁরই মুখে শোনা । এরপর কেটে গেছে অগুনতি দশক বাবারই পথে আমিও বাড়িয়েছি পা তোমার টানে , তোমারই রূপমুগ্ধ হয়ে । আমার ছিল না কোনো কাজ তবু তোমারই সে মায়া , তুমিই নিয়েছ টেনে । বাবার দেখা সেই জলে হিজলের চারা আবার দেখা সেইখানে , বাকহারা এতদিনে বৃক্ষ হয়ে রয়েছে দাঁড়িয়ে অগুনতি মানুষের ইতিহাস বুকে ধরে । আমিও সেই ইতিহাসের ধারা বয়ে ছুটে যাই দেবদ্বার আর মোকামটিলার আনাচেকানাচে , মাঝিদের সাথি হয়ে রই তাকিয়ে সেইসব জেলেদের দিকে রূপোলি ভুজিয়ার দিকে , অবাক বিস্ময়ে । জানো , আজ আমি অপার খুশি তোমার মর্ম এতদিনে বুঝি জেনেছে বিশ্বজন আমি গর্বিত এতদিনে , তোমারই ছেলে হয়ে । সেই অভিমন্যু মাছওয়ালা আর নেই আছে তার সন্ততি , আমারও নেই বাবা আছে তাঁর অফুরান সুখস্মৃতি । তোমার বুকে আজ , সুন্দরী শনবিল বসেছে মানুষের মেলা , আনন্দ উৎসব অথচ আমি নেই কাছে , ছটফট মন ভালো থেকো শনবিল , ভালো রেখো প্রিয়জন ।
স্বপ্নের ফেরিওয়ালা