সফরনামায় পুজোর প্রাপ্তি পর্ব - ১ স্বপ্নের সফরে পুজোর স্মৃতি (২০১৯ ইং) লেখব , না দেখব বুঝে উঠতে পারছিলাম না। মনের ভেতর লক্ষ কথার হিড়িক - বেরিয়ে আসতে চাইছে জলের তোড়ের মতো। ওদিকে বাইরে চোখ জুড়ানো সবুজের গায়ে কাশফুলের উৎসব। বিশাল পাহাড়ের গায়ে যেন ঢলে পড়া সোহাগের লুটোপুটি। সারা গায়ে শিশির মেখে শরতের জানান দিচ্ছে অহরহ। খানিকটা পথ এগোলেই এক একটি ঝরনা ধারা কিম্বা পাথুরে পাহাড়ি নদী যেন পৃথিবীর বুকে জল ও স্থলের ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব নিয়ে মগ্ন হয়ে আছে আপন খেয়ালে। ### এ এক অবাক করা ব্যাপার। প্রতিবার পুজো আসলেই বয়সটা যেন এক লহমায় পৌঁছে যায় সেই প্রাক যৌবনের দামাল বেলায়। সমগ্র সত্ত্বার অনিবার্য গন্তব্য হয়ে উঠে গ্রাম জীবনের সেই একমেবাদ্বিতীয়ম পূজামণ্ডপ। বাস্তবের কঠোর অনুশাসন বছরের পর বছর ধরে দেহটাকে আলাদা করে রেখেছিল মন থেকে। এবার সব বাধাকে প্রাণপণে দূরে সরিয়ে রেখে দীর্ঘ তিরিশ বছর পর আবারও একবার হারানো কৈশোরের ছোঁয়া গায়ে মাখব বলে সপরিবারে বেরিয়ে পড়েছি সেই আমার জন্মভূমির নিজের গ্রামের পুজোয় সামিল হতে। ### মহাষষ্ঠীর রোদ ঝলমল সকালে রেলের জানালার পাশে ব...
স্বপ্নের ফেরিওয়ালা