Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৫২

ভিতরপথের শেষে

সন্ধে পেরিয়ে প্রথম রাতের মায়াবী আঁধারে হালকা চড়াই ধরে শুরু হয় পথ চলা । আবার ফিরেও আসতে হয় নিক্তি ধরে ধরে রাত গভীর হয় , নির্বাক নৈর্ব্যক্তিক হয় হ্রস্ব থেকে দীর্ঘ , দীর্ঘ থেকে ক্রমান্বয়ে হ্রস্ব হয় মায়াময় ছায়াপথ , নিথর নিরালা আঁধারে । ভিতরপথে বয়ে চলে হারিয়ে যাওয়া মানুষের মহামিছিল - সেকাল থেকে একাল । একাধারে সব পথ এসে মিশে যায় ভিতরপথে যেন রাতজাগা নক্ষত্রের তীক্ষ্ণ নজরতলে চতুর ঊর্ণনাভ বয়ে চলে অনতিক্রম্য পথজাল । খেই যায় হারিয়ে - কোন পথে ফেলা যায় পা কোন পথে আছে তারা , কোন পথ ধরে গেছে চলে দুনিয়াদারির ট্রাপিজ শেষে মঞ্চ ছেড়ে সাজঘরে । নিয়ন বাতিগুলো বোবা হয়ে রয় দাঁড়িয়ে যেন এই পৃথিবীর দায় নিয়ে দায়সারা হয়ে প্রহরে প্রহরে জানান দিয়ে যায় ফিরে চলো হে পথিক , যে পথ দিয়ে এসেছিলে মনে রেখো একদিন সব পথ গিয়ে শেষ হবে যেখানে , সেখানেই হবে শেষ কথা এক জীবনের আছে যত অরূপ - রতন গাথা । অনেক তো হলো পথ চলা , যুগ থেকে যুগান্তরে , এবার তবে খেলাশেষে বেলাশেষে ফিরে চলো নিজ ঘরে , বাহিরে অন্তরে ।