প্রতিটি দিবস শুধুই তোমার নিশ্চিত একদিন নয় প্রতিদিন তোমারই দিন । শেকড় তোমার নাভিমূলে জীবন তোমার বক্ষমূলে নিঃশঙ্ক আস্তানা তোমারই কোলে । ব্যথার যত উপশম , কথার যত বুলি হাতে হাত ধরে , পায়ে পায়ে পথ চলা সে তো একদিন নয় , প্রতিদিন প্রতি পল । হাত বদলেও তো ফিরে আসে সেই হাতে হাত ধরে চলা । সুখে না হলেও - শোকে ঠিক নিশ্চিত কাছে পাওয়া । দুঃখ রাতে সেই ভরসার রাত জাগা । বক্র পথের প্রতিটি অনির্ণীত মোড়ে সঠিক দিশার সাকিন হয়ে অঙ্গীকারে মসৃণ পথ চলা । শেষ পংক্তির শেষের বেলায় উল্টোরথের যাত্রা পথে - পালা বদলের হাতটি আবার আসেই ফিরে প্রতিটি দিন মূলের টানে সযতনে । এক এক করে ভরসা যত - ফিরিয়ে দিয়ে কানায় কানায় , উপহারে যায় দিয়ে সেই কোজাগরী রাতটি আবার দিনের পরে সব ক ' টি দিন - কোনও ভাবেই নয় শুধু আজ একটি মাত্র দিবস - তোমার জন্য ।
স্বপ্নের ফেরিওয়ালা