Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৫৭

প্রেম - বসন্তবিহীন

বিগত বসন্তে হৃদমাঝারে সহসা অজান্তে এল কি ফিরে আবার হারানো বাহার যে বাহারে উচাটন মন ছিল ডুবন্ত জুড়ে চরাচর অনন্ত কুসুম সমাহার। সেদিন সহসা নিথর ইথার হলো সরব নিঃশব্দ ধ্বনিতরঙ্গে বসন্ত কোলাহল মাহেন্দ্ৰক্ষণে হলো প্রতিভাত পটচিত্র প্রথম ছবির নবীন ঘোরে হিয়া দোলাচল। উদ্ভাসিত যাপন দিনের অনন্ত চিত্রাবলি লহরের পর লহর - জুড়ে অন্তর পারাবার সুখস্মৃতিময় জীবন্ত লহমা জাগ্রত সহসা স্তব্ধ দিবা রাত্রি জাগে নব উল্লাসে আবার। বসন্ত শেষে উচাটন মন কালগর্ভে বিলীন তবু কি কোথাও সুপ্ত মননে আসে না ফিরে যায় কি হারিয়ে সবটুকু রেশ , আবেশ যত যত হাসিমুখ , অনাবিল সুখ মনমাঝারে ? প্রেম নাকি শুধু নিক্তি ধরে জাগ্রত বসন্তে তবু কেন আসে দহন কালেও সুপ্ত সবই বৃষ্টি ধারায় শিউলি সুবাসে হৈমন্তী বিকেলে লেপমুড়িতে আসে ফিরে সেই প্রথম ছবি। প্রেম অনন্ত চিরন্তনী , ঋতু আসে ঋতু যায় কোথা বসন্ত ফাগুন বায় কাশফুল পরবে কোথা হতে নীপ কৃষ্ণচূড়া - ছড়ায় সমীরণ বৃষ্টি বিহুতে বসন্তহীন প্রেম আসে নীরবে।