বেমানান দলছুট বেঁচে আছি শুধু - জলছুট মীন হয়ে অবাঞ্ছিত আঁধার ডাঙায় , আই সি ইউর কয়েদখানায় অসহায় সুস্থ শয্যাসীন অবয়ব। একটি মাত্র নিদেন তারার খোঁজে রাতভর ছটফট হা-পিত্যেশ। কেউ নেই কোথাও - উতরাই পেরিয়ে বিক্রীত মননে গুছিয়ে আখের সন্ধানে পেয়েছে সুখের আকর। সুখ-সওদাগর বিলি করে ফেরে কড়ি দিয়ে কেনা বণ্টিত সুখ বিনিময়ে বিসর্জিত সত্ত্বা। দলছুট বেমানান - ক্রীত সুখে মুহ্যমান - আরোপিত নশ্বর সুখে সন্ত্রস্ত - অবাঙমনসগোচর বিনাশে। তবুও বেঁচে থাকে - অতন্দ্র চড়াই উচ্চ শিখরে - মাথা উঁচু করে - গরবিত , উড়িয়ে আপন মনন ধ্বজা সত্য - শান্ত - শিব সুন্দর। তারাহীন রাত শেষে আলোকিত ভোরে ভাসবে চোখে জলকেলিরত মৎস্য-ভোরাই নৃত্য।
স্বপ্নের ফেরিওয়ালা