Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৪২

আমার ক্যালেণ্ডার

  আমার ক্যালেণ্ডার   ঝাঁ চকচক পলেস্তারায় চোখ জুড়ানো রঙ আমার ঘরের দেয়াল জুড়ে আঁকিবুকির ঢং । বারো পাতার ক্যালেণ্ডারে স্পাইর ‍ ্যাল বাইণ্ডিং ফ্যানের হাওয়ায় দুলছে দেদার বড্ড ফানি থিং ।   পাশের বাড়ির বাঁশের ঘরে প্রাচীন ক্যালেণ্ডার দেব দেবী আর লোকনাথ মিলে টানছেন সংসার । তারিখগুলো কবেই যে তার হয়েছে ভোকাট্টা এক পাতার ওই ছবিই চালায় মৌরসী পাট্টা । বর্ষা দিনে বৃষ্টি বেলার ছিঁচকাঁদুনে ধারা সামলায় সব সেই ছবিটি নিজেই ভিজে সারা । ঠেকলই বা দেয়ালে পিঠ হয় না তবু ক্লান্ত ঝড় ঝঞ্ঝা আটকে রাখেন ছবির রাধাকান্ত । এমনি যত গুচ্ছ ছবি যুগযুগান্ত ধরে আগলে রাখে গৃহস্বামী পিঠ চিতিয়ে লড়ে । তারিখবিহীন ক্যালেণ্ডারে ছয়লাপ সেই ঘর গৃহস্বামী সুখস্বপ্নে মশগুল দিনভর । ছবিরা সব জ্যান্ত হয়ে আসেন রাতের বেলা সবাই মিলে হেসেখেলে কাটান দুঃখবেলা ।   আমার ক্যালেণ্ডারের তারিখ জ্যান্ত বিভীষিকা যতই ধরতে এগোই ততই পালায় মরীচিকা । আমার স্বপ্নে নিয়ত আসে ব্যর্থ অন্ধকার রোজ সকালে বিদ্রুপে হাসে আমার ক্যালেণ্ডার ।