Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৮৮

রিক্ত সোনার তরী

তুমি ক ’ বার গেছো কয়েদখানার বদ্ধ কুঠুরিতে ? আমার আজীবন হাজতবাস । অক্ষর বেড়াজালে মিথ্যে মায়ায় আটকে আছি বহু যুগ হতে , এপার ওপার - অপার মুগ্ধ মোহে । এক একটা মুখ মুখোশ হয়ে সেঁটে গেছে মুখমণ্ডলে সেই মুখোশে কতটা মাপা যায় ইহকাল ? মিথ্যা মোড়কে নির্মোহ সব সত্য কথার কী বা ইহ , কী বা পরকাল ? তরী বেসামাল মাঝদরিয়ায় , কলরোল জলরোল সব একাকার ।   অথচ সেদিনও অলিরা গেয়েছে গান অতসী বসন্তে ফুলে ফুলে ওড়ে করেছে মাধুরী পান কেন তবে আজ সোনার তরী রিক্ত ভাবনাময় এই নরদেহ , এই পথ চলা , দিশাহীন নিশিদিন কবেকার কোন সুখকর হাত , মুচকি নয়নঠার অচল পয়সা কুড়িয়ে কুড়িয়ে জীবন করেছি পার ।   হেঁটেছি বহুদিন সাগরবেলায় ঝিনুকসরণি ধরে নিষ্ফলা সব হেমন্তশেষে মুক্তোবিহীন শূন্যসার সব পেরিয়ে , সব হারিয়ে একদিন তুমিও দাঁড়াবে এসে এপারে , ধরে ফের হাতে হাত এটুকুই সম্বল , বাকি সব মিছে ইতিহাস হাজত কিংবা কয়েদখানা , হোক একত্রবাস ।