Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৯৫

হৃদয় যখন হাসপাতালে

হৃদয়ের এক ভাগ চোখের আড়াল হলে ধুকপুক বেড়ে যায় অবশিষ্ট ভাগে , আর্দ্র হয়ে ওঠে অবশিষ্ট আবরণ। ললাটলিখন আর কে বা পারে খণ্ডাতে নাহলে কেনই বা এমন ক্ষণিক ছিন্ন যাপন ? বুকে ধরি যারে , চোখেই রাখি - চোখেই হারাই তার বিহনে বিহনে দীর্ঘায়িত হতে থাকে প্রতীক্ষার নির্ধারিত ক্ষণ - সব কথা নাকি না রাখলেও স্তব্ধ হয় না পৃথিবীর ঘূর্ণন। আমি ভাসি অনিঃসৃত জলে , বুকে চেপে জগদ্দল পাষাণের ভার , অন্যদিকে কেউ একলা একা , অসহায় চোখে শুধু তাকায় এদিকে ওদিকে , হৃদয়ের খোঁজে , যে হৃদয়ে এতকাল ছিল এক অবিচ্ছিন্ন , নিঃশঙ্ক নিভৃত বাস মমতার পরশ মাখা একাত্ম নির্যাস। অস্ত্রোপচার কক্ষ মানেই - তারকাখচিত আকাশে ক্ষণিকের নিদ্রাবিলাস আর দেয়ালের ওপাশে অবরুদ্ধ বুকের মুহূর্মুহু দীর্ঘশ্বাস।   (চেন্নাই অ্যাপলো হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে যখন কন্যা - ০৪/০৪/২০২৫)