এই তো সেদিনও ছিল ব্যস্ততা , ট্রেন থামা স্টেশনের কোলাহলে … স্মৃতি ছাড়া আর কিছুই ফেরে না সহজে যারা গেছে , তারা গেছে অবহেলে … চলে যাব , দৃষ্টিতে চোখের শূন্যতা এপিটাফে লিখে যাই জীবনের সমূহ ব্যর্থতা । এই যাত্রা , এই চলমানতা - এ যেন শেষের কবিতা । কিন্তু বাস্তবে একেবারেই এক ভিন্ন চিত্রকল্প । বলা যায় শেষের শুরু । প্রথম কবিতার কিছু পঙ্ক্তি সেজে উঠেছে এভাবেই । এবং … ৬৪ পৃষ্ঠার পুরো কাব্যগ্রন্থটি জুড়ে বজায় থেকেছে এই পথ চলার বৃত্তান্ত । সাথে পারিপার্শ্বিকতার , সমাজের যত অনিয়ম , অব্যবস্থা তার বিরুদ্ধে একরাশ ঘৃণা , প্রতিবাদ এবং শ্লেষ । নৈতিকতার পতন পীড়িত করে তোলে কবিমন। বরাক মূলের কবি উজ্জ্বল দত্ত চৌধুরী । জন্মসূত্রে এবং বর্তমানে কলকাতার বাসিন্দা । হাতে এল তাঁর প্রথম কাব্যগ্রন্থ - ‘ কিছু শব্দ … কবিতা নয় ’ । গ্রন্থের নামকরণে কবিতা নিয়ে যে দ্বিধা , যে জড়তা এবং সেই পথ চলা আর প্রতিবাদের ভাষা ব্যক্ত হয়েছে ভূমিকাতেও - “... জীবনের বিভিন্ন সংগ্রামের সাথি হয়ে যে পথ চলা শুরু হয়েছিল কয়েক দশক আগে, আজও সেই সংগ্রাম অব্যাহত। এই সমাজের বুকে আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জীবন ...
স্বপ্নের ফেরিওয়ালা