Skip to main content

Posts

Showing posts with the label কবিতা ৩৯৯

কৃষ্ণচূড়া প্রজন্ম

পথে পথে আলপনা দেখে চলেছেন এক বৃদ্ধা ধরে হাতে তাঁর দশ বছরের বালিকা অপাপবিদ্ধা । পথের ধারে ডালপালা মেলে কৃষ্ণচূড়ার প্রজন্ম বংশানুক্রমে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে অতন্দ্র ।   জ্যৈষ্ঠ এলেই পাতায় পাতায় কুসুম ছড়ায় লাল বৃদ্ধার চোখে শহিদের মুখ বিষাদে টালমাটাল । আসর বসেছে গান কবিতার গরজ বড় বালাই এই তাহলে শহিদ স্মরণ বৃদ্ধা ভাবেন তাই ।   বালিকা জানে বেনীআসহকলায় কমলার পরে লাল বৃদ্ধা দেখেন সেদিনের সেই কমলার গায়ে লাল । শহিদ হয়েছে কমলা সেদিন দশটি ভাইকে নিয়ে মুখের ভাষা লক্ষজনের দিয়েছে সেদিন বাঁচিয়ে ।   মন উচাটন বৃদ্ধা , মননে ভবিষ্যতের শঙ্কা পড়ে এসে গায় কৃষ্ণচূড়ার কুসুম আচমকা । কুড়িয়ে কুসুম উপহারসম , বৃদ্ধা বিস্ময়াবনত বালিকার হাতে মুঠো ভরে সঁপে এবার নিশ্চিত ।