এ এক অনাবিল অনুভব - এ অনুভবে খাদ নেই এতটুকু। আছে শুধু হৃদয়ের অন্দর মহল থেকে উঠে আসা রাশি রাশি ভালো লাগা - শ্রাবণের ধারার মতো অনন্ত ভালোবাসা। দূর থেকে ওই হেঁটে আসা বালিকা - কিংবা নিয়ন আলোয় উদ্ভাসিত ওই কিশোরী , সবার মুখের হাসির ছোঁয়ায় নিভৃতে শুধু মানসী মেয়ের আদল খোঁজা। মাঝে মাঝেই - হাজার কাজের ফাঁকে উড়ু উড়ু মন রেশমি চলার পথে। বিশ্ব যখন নিদ্রা মগন গভীর রাতে ঘুম ভাঙানিয়া সুখ স্বপনের হাতটি ধরে দাঁড়ায় আমার আঁখির আগে ঘনঘোরে। বাইরে তখন নিকষ কালো আঁধার শুধু ভিতর জুড়ে আলোয় আলোয় দুই জোড়া চোখ তাকায় অনিমিখ। কেউ জানে না কোন সে অপরাধ কীসের অমোঘ টানে এমন হৃদমাঝারে পানসি ছুটে তরতরিয়ে। এই কি তবে প্রেম ? হয়তো তাই , কিংবা হয়তো না - জানি শুধু বালিকা থেকে যুবতী পথের নিখাদ উপাখ্যান। অনুভবের দিনলিপিতে ব্যর্থ মর্মগাথা আর জনমের হংস মিথুন কথা।
স্বপ্নের ফেরিওয়ালা