Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৯৬

দহনবেলার অ আ ক খ

বোশেখ শেষে চরাচরে উড়ুউড়ু মন ,  ভাবনারা এসে তছনছ করে দেয় অন্তর, জৈষ্ঠ্য শুরুর তপ্ত বেলার সেই গনগনে আঁচ দহন বেলার সেই অ আ ক খ অক্ষর।   এর পর বয়ে গেছে কত কত জলধারা তবু তো বরাক ভুলেনি সেই ক্ষত তীরের ব্যথা নদী কি ভুলতে পারে ?   পলিতে পলিতে জমে আছে ব্যথা শত।   এই পৃথিবীর বুক থেকে নাকি রোজ একটি ভাষা হারিয়ে যায় ইতিহাসে তবু যে কত অসহিষ্ণু, অর্বাচীনের দল ভাষার উপর হামলে পড়ে আগ্রাসে।   সেদিনও বরাক থেকেছিল নীরব সাক্ষী এগারো মায়ের কোল যে হয়েছে শূন্য। সেই থেকে জেগেছে লক্ষ প্রজন্ম প্রাণ ভাষার গরিমা দেবে না তো হতে ক্ষুণ্ণ।   আবার এসেছে গরিমাগাথার উনিশ বিশ্ব জুড়ে বেঁচে থাক সব ভাষা আর নয় কোন ব্যানারবাজি, ভাষাগিরি প্রণম্য ভাষা মা, প্রণম্য মাতৃভাষা।