Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৮৯

মৃত্যু এখন

এখানে সময় অফুরান - অপেক্ষায় যাপিত অনন্ত কাল , এখানে জীবন মৃত্যু সমকাল - সমান্তরাল। এখানে সুখ ও শোকের একান্ত সহযাপন এখানে নবজাতকের বিদ্রোহ ক্রন্দন এখানে জাতকান্তের নিঃশব্দ অনুরণন। এখানে ভরসা যোগায় প্রাচীরপত্র - ' পাশাপাশি কিংবা মুখোমুখি - সব খুশি ' । এখানে আসা যাওয়ার পথের ধারে মাঝে মাঝেই অলস দিন যাপন অ-সুখ যত সরিয়ে রেখে সুখের অন্বেষণ এখানে আনকোরা মুখে সখ্য আলাপন দিনশেষে সুখ সোপানে কাংক্ষিত উত্তরণ।   আচমকাই ফুসমন্তর সেই সে সুখের চিত্র যাপন বেলার সঙ্গী এবার শুধুই হাহাকার লুকিয়ে থাকে ভীত বিহ্বল আপন মুখাবয়ব দিগবিদিকে ছুটে চলে উদভ্রান্ত মুখাবরণ। আসে না ভেসে ক্রন্দন বোলচাল এখন জন্ম মৃত্যু নিরাসক্ত শব্দবন্ধ শুধু হাসপাতালে শ্মশানের স্তব্ধতা শ্মশান জুড়ে মিছিলের কোলাহল। হারিয়ে গেছে মুখের ভাষা , মনন সুখ যত গুমরে ফেরে একটি প্রশ্ন - আর কত , আর কত ?