এই তো সেদিন .... ডানা মেলে উড়েছিল মন থমকেছিল সময়, মুখোমুখি পাশাপাশি গরাদে ঘাপটি মেরে বসেছিল সুখপাখি। সেদিন কথার ফাঁকে মুক্তোদানার বৃষ্টি দেখে দূর আকাশে তাকিয়েছিল সুখপাখি। ঘোর ছিল সেই সুখ পাখিটির দু'চোখ জুড়ে। আজ দুয়ারে দাঁড়ায়ে এ কোন বসন্ত ? অকাল বেলায় শেষের হাতছানি এ কেমন বিচার, কেমন বিধির দণ্ড ? হারিয়ে যাবে মুক্তোঝরা হাসির ঝিলিক ডাগর নয়ন চিরতরে হবে বন্ধ হে মৃত্যুর ঈশ্বর, তুমি সত্যিকারের অন্ধ। যা পাখি তুই থাকিস ভালো আরো আরো ভালো - অচিন সোপানে। সত্যি কি আজ সুখপাখিটি হারিয়ে যাবে দূর নীলিমায় ? উধাও হবে রামধনু রঙ আকাশ হতে ? উড়বে না আর মেঘের ভেলা শরৎ আকাশে ? অবিশ্বাস্য ……. চেয়ে থাকি তাই অলৌকিকের পথে।
স্বপ্নের ফেরিওয়ালা