Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৬৩

এ কোন শরৎ

এই বৃষ্টিদিনে চরাচরে কীসের আয়োজন আধেক শরৎ বৃষ্টিভাসি কোন সে প্রহসন ? দুর্গারা সব ভিজছে দেদার চোখের জলে বানভাসি সব দুর্গা মায়ের ছত্রছায়ার তলে।   মর্ত্যে যে মা মূর্তি শুধুই অবাক নীরব নিথর যতই কাঁদুক মানুষ , ভাসুক বিশ্ব চরাচর মাটির দুর্গা দিন তিনেকের অতিথি বই কী ? এবার তবে দুর্গা মায়ের পরীক্ষা বইকী।   জাগছে এবার বসুন্ধরা জাগছে পুরুষ নারী দেখবে এবার অসুর খেলা ‘ আমরা সব পারি ’ জাগছে নারী জাগছে পুরুষ সবাই সবখানে অসুর হবে জব্দ এবার প্রত্যয়ে স্লোগানে।   শুধুই স্লোগান কিংবা মিছিল নয় আর এবার ‘ করো কিংবা মরো ’ র পণে হবেই কাবার কেউ বা কারা যতই ভাঙুক মাটির প্রতিমা ঘরে ঘরে জাগছে এবার ঘরের প্রতি মা।   উৎসব হল যার তার , পুজো হল সবার মূর্তি মানেই লক্ষ্যমাত্রা যতই হোক অসার ত্রিনয়নীর নয়নছটায় হবেই লক্ষ্য পূরণ অভয়ার বিচারে পূজি - দুর্গা মায়ের চরণ।