মনের অতল থেকে নিটোল স্বপ্নময়তায় মাঝেমাঝেই প্রসবিত হয় কিছু নিষ্কলুষ , তরতাজা ইচ্ছে - অবিকল রাতের আঁধার শেষে , মন্দ ভালোর যুদ্ধ যাপন শেষে - সকাল বেলার স্নিগ্ধ মুখচ্ছবির মতো । মায়াবী চোখের অপাপবিদ্ধ চাউনি যেন কঠিন সংসারময়তাকে ছিন্ন করে সারল্যের পাহাড় চূড়ায় ধ্যানমগ্ন ঋষি । জন্মেই সন্তর্পণে ডানা মেলে - ইচ্ছে , উড়ে যাওয়ার পথ খুঁজে আপন খেয়ালে । এর পর বিলীয়মান স্নিগ্ধ সকালের মতোই জাগতিক কলুষতা এসে জাঁকিয়ে বসে , মলিনতায় জাপটে ধরে নিঃশেষ করে দেয় সদ্যোজাত ইচ্ছেগুলো । এক সময় পাখসাটে পাখসাটে গুমরে মরে গর্ভগৃহে । ঠিক যেমন আবার আসে দুঃস্বপ্নের রাত - যে রাতে ঝরে পড়ে অলীক সত্য সব ভেসে আসে রাত জাগা পাখিদের - ইচ্ছামৃত্যু রব ।
স্বপ্নের ফেরিওয়ালা