এমনি এক নিরালা দুপুর আমার বড় প্রিয় যাপন। ঘর থেকে বলে কয়ে একলা একা জাগতিক সব ভাবনা থেকে দূরে জগৎটাকে দেখা - বাউন্ডুলে ভবঘুরে। চওড়া পথের পাশে সারি সারি তরুবান্ধবীদের নিবিড় ছায়ায় এক পশলা আত্মগোপন কী যে মধুর যাপন। ছুটে যাক মনতরণী যেদিক খুশি মরুকগে সব মনখারাপের উচাটন কী যে এক স্নিগ্ধ যাপন। এখানে ঘনিয়ে আসে ছায়ারা সব বৃক্ষ-তরু গুল্ম লতায় - মন্দ ধীরে , এখানে দুষ্টু রোদের মিষ্টি কুটকচালি বনানীর ফাঁকফোকরে। চলে যায় পথিক যত পথ মাড়িয়ে শিশুদের কলকল কথার মাতন ঢলে যায় অধীর বেলা নিক্তি ধরে আহা এ কেমন অবাক যাপন। নেই পিছুটান , শপথ কথার গরজ এখানে যেমন খুশি হারিয়ে যাওয়া সহজ এখানে মন্দ পবনে কবিতার ওড়াওড়ি যেমন খুশি হাতের মুঠোয় ধরি খুলে দিই মন বাতায়ন ভুলে যাই জীবন খাতার জটিল রসায়ন বিশ্বজোড়া তত্ত্ব কথার বাঁধন। এখানে হৃদয় জুড়ে আত্ম আলাপন এক লাবণ্যপ্রাণ মাতন আহা কী মিষ্টি সুখের যাপন।
স্বপ্নের ফেরিওয়ালা