বেমানান দলছুট
বেঁচে আছি শুধু - জলছুট মীন হয়ে
অবাঞ্ছিত আঁধার ডাঙায়,
আই সি ইউর কয়েদখানায়
অসহায় সুস্থ শয্যাসীন অবয়ব।
একটি মাত্র নিদেন তারার খোঁজে
রাতভর ছটফট হা-পিত্যেশ।
কেউ নেই কোথাও - উতরাই পেরিয়ে
বিক্রীত মননে গুছিয়ে আখের
সন্ধানে পেয়েছে সুখের আকর।
সুখ-সওদাগর বিলি করে ফেরে
কড়ি দিয়ে কেনা বণ্টিত সুখ
বিনিময়ে বিসর্জিত সত্ত্বা।
দলছুট বেমানান - ক্রীত সুখে
মুহ্যমান - আরোপিত নশ্বর সুখে
সন্ত্রস্ত - অবাঙমনসগোচর বিনাশে।
তবুও বেঁচে থাকে - অতন্দ্র
চড়াই উচ্চ শিখরে -
মাথা উঁচু করে - গরবিত,
উড়িয়ে আপন মনন ধ্বজা
সত্য - শান্ত - শিব সুন্দর।
তারাহীন রাত শেষে
আলোকিত ভোরে ভাসবে চোখে
জলকেলিরত মৎস্য-ভোরাই নৃত্য।
Comments
Post a Comment