পূর্বপুরুষ - একাদশ শহিদ
কালের পাতায় পুরুষ্টু হয় ইতিহাস
যোগ হয় কিছু নতুন মর্মগাথা
কিছু চর্বিতচর্বন, কিছু কথা ও কবিতা।
'ইথার খোঁজ'-এ পাল্টায় কিছু সংখ্যা
ঘুরে ফিরে আসে কিছু নাম
বিস্মৃত অবয়ব, সাবেক ও অধুনা ঠিকানা
অকাল বেলার সাধনোচিত ধাম।
ফিরে আসে কিছু শিহরণ
কিছু আভিজাত্য, অভিমান
কিছু অধরা অধিকার, কিছু গাত্রদাহ,
কল্পনাবিলাসী কিছু ঠুনকো অঙ্গীকার।
এর পর - আবার পড়ে থাকে মৃত লাশ হয়ে,
ছাইচাপা হয়ে - দীর্ঘ বারোটি মাস।
তবু বেঁচে আছি উত্তরাধিকার সূত্রে
ভাষার গরব, ভাষার অধিকারে।
বুক বাজিয়ে আমরাই বলি আজ -
পূর্বপুরুষ - একাদশ শহিদ,
পূর্ব বাড়ি - ভাষা শহিদ চত্বর, যেখানে
সঞ্চিত ক্ষোভ গনগনে আঁচ ছড়ায় গ্রীস্মকাল
প্রজন্মে আবীর ছড়ায় - কৃষ্ণচূড়া লাল।

Comments
Post a Comment