যাক উড়ে আজ ভাবনা যত
আমার ভাবনাগুলো বেড়ায় উড়ে নিয়ত
আপন খেয়াল খুশির মতো,
সময় পেলেই মত্ত বিলীন সৃষ্টি সুখের নেশায়।
তোমায় নিয়ে গড়েই চলে
একের পর এক মহল যত -
রঙ বেরঙের অমর প্রেমের সৌধ।
মণিকোঠায় সাজিয়ে রাখে
তোমার যত মুচকি হাসির ছবি।
একের পর এক মন জানালায়
সাজিয়ে রাখে সুখের চাবিকাঠি।
মাঝে মাঝে রুদ্ধ বাতায়নে
বিফল মনোরথে -
স্তব্ধ বেলায় পথ চেয়ে রই
দীর্ঘ হা-পিত্যেশে, আসার অসার আশায়।
হার মেনে যায় বয়স - যখন
সাঁঝের বেলায় ভুল করে গাই
রামকেলি বা হিন্দোল -
কিংবা আশার ব্যর্থ আশাবরী।
এমনি করেই ভাঙছে হৃদয়
কাটছে যে দিন নিত্যদিনের
দগ্ধ যাপন বেলায় - শুধু
ভাবনাগুলো যাক ভেসে আজ
ইথার বেয়ে তোমার মনন জুড়ে,
আমার চাওয়া নয় তো পাওয়া
শুধুই যে চাই চোখের দেখায় এমনি করেই
থাকবে আমার হৃদয় জুড়ে।
Comments
Post a Comment