Skip to main content

বরাক ২০২০ - ৩য়

এবারের স্বল্পকালীন বরাক ভ্রমণের প্রথম দিনে হাইলাকান্দি জেলার দ্বিতীয় শহর লালাবাজারে মুখোমুখি দুই 'প্রিয়'র।

দীর্ঘ কয়েক দশক পর সান্ধ্য বাজারে দেখা পেলাম শনবিলের সেই বিশেষ প্রজাতির মাছের। 'ভুজিয়া মাছ' ছাড়া দ্বিতীয় কোনও নাম আমার জানা নেই।
জীবনের সব চাইতে কম খরচে কেনা সুস্বাদু মাছ - ভুজিয়া। 25 পয়সার মাছ দিয়ে পাঁচ জনের সংসারে দুবেলার খোরাক। (জানি অনেকেই গুলবাজ ভাববেন। কিন্তু এটাই সত্যি)। শনবিলের ফেরিওয়ালাদের টুকরিভর্তি ভুজিয়া মাছের দিকে 'কিশোর আমি'র অনুসন্ধিৎসু দৃষ্টির পুনরাবৃত্তিতে ভুজিয়া হলো ক্যামেরাবন্দি। ছবিতে ভুজিয়ার সঙ্গে বহু পরিচিত ট্যাংরা মাছও আছে।
শেষ সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কথামতো চাচক্রে মিলিত হলাম এ অঞ্চলের বিশিষ্ট সাহিত্যিক ও গবেষণা ধর্মী ছোট পত্রিকা 'প্রবাহ'- এর সম্পাদক আশিসরঞ্জন নাথ মহাশয়ের সঙ্গে। সম্পূর্ণ একক প্রচেষ্টায় শুধুমাত্র সাহিত্যপ্রীতি ও সাহিত্যের দায়বদ্ধতায় 'প্রবাহ'কে অবলম্বন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক সর্বজন পরিচিত ব্যক্তি হিসেবে। কথায় কথায় জানালেন তাঁর ভবিষ্যৎ কর্মসূচি। গভীর চিন্তাপ্রসূত এই সব ভবিষ্যৎ কর্মোদ্যোগ নিঃসন্দেহে এ উপত্যকা তথা গোটা উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।

কাল কিশোর বেলার কথা লিখেছিলাম। তারও আগে অর্থাৎ বালক বয়স থেকেই বাজারে যাওয়ার ভীষণ শখ। চোখের সামনে দেখতাম বাবা এবং দাদা বাজারে যেতেন এবং সেখান থেকে নানা রকম খাওয়ার জিনিস আনতেন। সুতরাং ধরেই নিয়েছিলাম যে বাজার নামক জায়গাটি হচ্ছে ভোজন সামগ্রীর খনি। তাই রোজ বায়না ধরতাম যাওয়ার জন্য। শেষমেশ বাবা একদিন বললেন যে যেহেতু আমি তখনও অনেকটাই ছোট তাই আপাততঃ আমাকে বাজারে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে যেদিন মশারির উপরিভাগটা হাত দিয়ে ছুঁতে পারব সেদিনই আমাকে বাজারে নিয়ে যাওয়া হবে।
শুরু হলো প্রতীক্ষার পালা। রোজ কসরতে কসরতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর অদম্য প্রচেষ্টা। আর কথায় আছে না - চেষ্টায় কী না হয়। একদিন সত্যি সত্যিই ছুঁয়ে দিতে পারলাম মশারির উপরিভাগটা। সে কী আনন্দ। বলে বুঝানোর নয়।
সারা দিন অনন্ত প্রতীক্ষা শেষে বাবা অফিস সেরে বাজার করে রাতে ঘরে ফিরতেই সোজা দেখিয়ে দিলাম কৃতিত্ব। এবার আর আমার বাজারে যাওয়া আটকায় কে ? কিন্তু আমার যাবতীয় আশা আকাঙ্ক্ষা উৎসাহে জল ঢেলে বাবা ঘোষণা করলেন - বিছানার উপর দাঁড়িয়ে নয়, নীচে মেঝেতে দাঁড়িয়ে ছুঁতে হবে মশারির উপরটা। সেই মুহূর্তে মনে হয়েছিল জীবনে আর বাজারে যাওয়া হলো না আমার। এই আশাটি আর মনের মধ্যে রেখে কোনো লাভই নেই।
এরপর সেই দিনটি থেকে আজ অবধি জীবন ধারা বয়ে চলেছে স্বাভাবিক ধারায়। কিন্তু বাজারে - বিশেষ করে হাটের দিনে হাটে যাওয়ার একটা আলাদা মজা পাই আমি।
কিশোর বয়সে মেঝেতে দাঁড়িয়ে মশারির উপরটা ছুঁতে পারার বয়সে যখন বাজারে যাওয়ার ছাড়পত্র মিলেছে তখন দেখলাম সাপ্তাহিক হাটে গিয়ে সস্তায় জিনিসপত্র আনছেন সবাই। বিশেষ করে কোনও অনুষ্ঠানাদিতে এমনটাই ছিল রেওয়াজ। আমার অগ্রজার বিয়ে, ভাগ্নের অন্নপ্রাশন আদিতে কত সস্তায় কতকিছু এল সেখান থেকে। বাড়ি থেকে মাইল দশেক দূর আয়নাখালে হাট বসতো প্রতি রবিবার। মনে আছে 20 টাকা দিয়ে সেখান থেকে একটা পাঁঠা আনা হয়েছিল। সেই তখন থেকেই মনটা আমার ঘুরে বেড়ায় হাটে বাজারে। এই সেদিনও কর্মসূত্রে বিভিন্ন প্রোজেক্ট সাইটে আসতে যেতে হাট পেলেই নেমে পড়তাম গাড়ি থামিয়ে। এক একটা হাট যেন এক মিনি দেশ যেখানে জনসমুদ্রে মিশে হারিয়ে যেতে খুব খুব ভালোবাসি আজও।
এবারের সংক্ষিপ্ত বরাক সফরে আজ সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আজ তো রবিবার। লালাবাজার থেকে মিনিট কুড়ির রাস্তা। ব্যস আর যায় কোথায় ? সকাল সকালই বেরিয়ে সোজা অটো করে গিয়ে হাজির আয়নাখাল বাজার। জনজোয়ারে ভাসছে যেন গোটা অঞ্চল। মূল বাজারে পৌঁছানোর আগে থেকেই ছোটখাটো বিকিকিনির পসরা। কেউ হাতে টেনে, কেউ বা বগলদাবা করে হাঁস, কবুতর, পাঁঠা, মেষ, মুরগি নিয়ে ছুটছে। আমিও ছুটছি শুধু ছুটছি যেন কীসের টানে আমি নিজেও জানি না। হাইলাকান্দির প্রসিদ্ধ কচুও দেখতে পেলাম। সেই 20 টাকা দামের পাঁঠার সমান একটি পাঁঠার দাম জিজ্ঞেস করতে বললো 2000 টাকা। অর্থাৎ কিনা 40 বছরে 100 গুণ বেড়েছে দাম। দেখতে পেলাম অনেক কিছু। অনেক পরিবর্তন। ক্রেতা বিক্রেতার ধর্মীয় বিন্যাস পাল্টে গেছে আমূল। স্বভাবতই ভাষাগত বিন্যাসেও এসেছে পরিবর্তন। সিলেটি এ অঞ্চলের লিংগুয়া ফ্র্যাঙ্কা হলেও ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে এর কথ্যরূপের তারতম্য রয়েছে।
বাজারের একেবারে ভিতরে ঢুকে গেলাম আগেরই মতো। জমজমাট পরিবেশ। করোনা বলে কিছু ছিল বা আছে বলে মনে হলো না। গোটা বাজারে কয়েক হাজার মানুষের মধ্যে আমি ও আমারই মতো আরেক হতভাগার মুখেই শোভা পাচ্ছিল মাস্ক্। কেমন যেন ভিনগ্রহীর মতো লাগছিল নিজেকে।
ঘুরতে ঘুরতে মনটা বড্ড খারাপ হয়ে গেল একটা সময়। জানতাম না অবচেতন মনটা যে আমার স্মৃতির তাড়নায় খুঁজে বেড়াচ্ছিল আমার হারিয়ে যাওয়া জীবন শিক্ষক - আমার বাবা ও দাদাকে। সব কিছু হারিয়ে শুধু বাজারে আসার গরিমাটুকু নিয়েই ফিরে এলাম লালাবাজার।

Comments

Popular posts from this blog

শেকড়ের টানে নান্দনিক স্মরণিকা - ‘পরিযায়ী’

রামকৃষ্ণনগর । প্রাকৃতিক সৌন্দর্যের আবহে বরাক উপত্যকার এক ঐতিহ্যময় শহর । বিশেষ করে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে চিরদিনই এক অগ্রণী স্থান হিসেবে উচ্চারিত হয়ে আসছে এই নাম । বৃহত্তর রামকৃষ্ণনগরের গোড়াপত্তনের ইতিহাস বহুদিনের । দেশভাগের আগে ও পরে , উত্তাল সময়ে স্থানচ্যূত হয়ে এখানে থিতু হতে চাওয়া মানুষের অসীম ত্যাগ ও কষ্টের ফলস্বরূপ গড়ে ওঠে এক বিশাল বাসযোগ্য অঞ্চল । শুধু রুটি , কাপড় ও ঘরের স্থিতিশীলতার ক্ষেত্রই নয় , এর বাইরে শিক্ষা অর্জনের ও শিক্ষাদানের ক্ষেত্রে মমনশীলতার পরিচয় দিয়েছিলেন সেইসব মহামানবেরা । ফলস্বরূপ এক শিক্ষিত সমাজব্যবস্থা গড়ে উঠেছিল যদিও উচ্চশিক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে বেরোতে হয়েছিল নিজ বাসস্থান ছেড়ে । শিলচর তখন এ অঞ্চলের প্রধান শহর হওয়ায় স্বভাবতই শিক্ষা ও উপার্জনের স্থান হিসেবে পরিগণিত হয় । এবং স্বভাবতই রামকৃষ্ণনগর ছেড়ে এক বৃহৎ অংশের মানুষ এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এই শিলচরে । এই ধারা আজও চলছে সমানে । শিলচরে এসেও শেকড়ের টানে পরস্পরের সাথে যুক্ত থেকে রামকৃষ্ণনগর মূলের লোকজনেরা নিজেদের মধ্যে গড়ে তোলেন এক সৌহার্দমূলক বাতাবরণ । এবং সেই সূত্রেই ২০০০ সালে গঠিত হয় ‘ ...

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...