Skip to main content

কবি জিতেন্দ্ৰ নাথ-এর মনোজাগতিক কাব্যগ্ৰন্থ 'অন্য এক রূপসি নগরে'




কবি জিতেন্দ্র নাথ। বরাক উপত্যকার বলিষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। অথচ প্রচারের আলোয় তাঁকে দেখা যায় না তেমন করে। একক গ্রন্থ এবং সংকলন - সব মিলিয়ে এ যাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশেরও অধিক। তাঁর অন্যতম একক কাব্যগ্রন্থ ‘অন্য এক রূপসি নগরে’। প্রকাশিত হয়েছে তাঁর নিজের শহর হাইলাকান্দিতে অনুষ্ঠিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৮তম কেন্দ্রীয় সম্মেলন মঞ্চে। কবি তাঁর এই গ্রন্থটি ব্যতিক্রমী আঙ্গিকে উয়সর্গ করেছেন দু’দফায়। প্রথমে উপত্যকার ১৪ জন কবি সাহিত্যিকদের উদ্দেশে এবং দ্বিতীয় দফায় তাঁর এগারো  জন পূর্বপুরুষ (যাঁদের মধ্যে রয়েছেন তাঁর প্রমাতামহ, মাতামহ, মাতামহী এবং অতিবৃদ্ধপ্রপিতামহ থেকে শুরু করে পিতা অবধি) সহ তাঁর কাকা এবং শ্বশুরকে।
‘কবিকথা শীর্ষক ভূমিকায় কবি জানিয়েছেন যে আলোচ্য গ্রন্থের কবিতাসমূহ ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিখা হয়েছে। এই দীর্ঘ সময়কাল ধরে লিখা কবিতার মধ্য থেকে নির্বাচিত সব কবিতগুলো পাঠ করলেও এক বিবর্তন কিন্তু লক্ষ করা যায়। মাত্র দুই লাইনের কবিতা থেকে শুরু করে আছে পৃষ্ঠাজোড়া কবিতা যার মধ্যে লুকিয়ে আছে কিছু সরাসরি কথন এবং কিছু গভীর ভাবব্যঞ্জনা। আছে একগুচ্ছ স্মৃতিমেদুর কবিতা যার মধ্য দিয়ে ভেসে আসে কবির অভিজ্ঞতাপ্রসূত মনোগত চিন্তার বহিঃপ্রকাশ -
এখনও একটি ছবি অ্যালবামে যত্ন করে
সামলে রেখেছি। মাঝে মাঝে একান্ত সময়ে
অ্যালবামের পাতা উল্টে ছবিটি দেখে নিই।
বারেবারে, দু’চোখ ভরে ...
ছবিটি এখনও যেন চোখে-চোখে
কথা বলে, প্রাণ জুড়ে দেয়
আমার মনের সঙ্গে।
(কবিতা - ছবি)
কিংবা - 
চিঠিগুলি আছে
কাঠের সিন্দুকে
মাঝে মাঝে একলা সময়ে
লাজুক মনে পড়ি।
সেই সময়ের স্মৃতিগুলো
ন্যাপথালিনের গন্ধে পুরোনো
বাতাস বয়ে আনে একলা ঘরে।
(কবিতা - চিঠি)
এই চিঠিরই সূত্র ধরে কবি বেশ ক’টি কবিতার মাধ্যমে তাঁর মনোগত বার্তা পৌঁছে দিয়েছে তাঁর প্রিয়জনদের কাছেও। কবিতার হাত ধরে কবি যেন মেলে ধরেছেন নিজেকে। তাঁর ভাবনার জগৎ সরল, অকপট কথনে তুলে দিয়েছেন প্রেম ভালোবাসা, কৃতজ্ঞতার মোড়কে।
এই গ্রন্থের অধিকাংশ কবিতাই কবির মনোজগতের পরিচিত ছবিগুলোকেই যেন নিয়ে এসেছে প্রকাশ্যে। শব্দে, লালিত্যে সযতনে সাজানোর এক আন্তরিক প্রচেষ্টা অনুভব করা যায় প্রতিটি কবিতায়। বলতে গেলে প্রতিটি কবিতাই এক একটি স্বপ্ন কিংবা কবির ভাষায় বলা যায় স্বপ্নের মধ্য দিয়ে আরোও এক স্বপ্নকে ছুঁয়ে দেখার প্রচেষ্টা -
সব স্বপ্ন কি ফিরে আসে ?
তবুও স্বপ্ন দেখি
ফেরি করি স্বপ্ন,
ভোরের আলোয় ঘুম ঘুম চোখে
পাখিদের ডাক শুনে শুনে
আবার নতুন করে স্বপ্ন গড়ি 
স্বপ্নের ভেতর পায়চারি করি
আরেক স্বপ্নকে ছুঁয়ে নিতে।
(কবিতা - স্বপ্ন ফেরি করি)।
আবার কবিমননে ধরা দেয় অধরা স্বপ্নের প্রতি তাঁর অভিমান। শব্দেরা আসে মিছিল করে, তবু থেকে যায় অধরা। এখানেও কবির ভরসা সেই কবিতাই -
ঘুমোতে চাইলে ঘুমোতে পারিনা 
এপাশ ওপাশ করি বিছানায়
ভ্যাপসা গরমে, ভোর হয়
তারপর ক্রমাগত 
শব্দেরা মিছিল করে আসে
পিঁপড়ের মতো
তাকে ধরেও ধরতে পারি না।
বড় অভিমানী তুমি
কোন একদিন
কবিতায় ধরা দেবে।
(কবিতা - শব্দেরা মিছিল করে)।
এই গ্রন্থের সম্পদ কিছু অণু কবিতার উল্লেখ অপরিহার্য। স্বল্প কথার অন্দরে বৃহৎ ভাবনার অনুপম প্রকাশ এই অণু কবিতাগুলি -
বাড়ি বদলের সাথে সাথে
ঠিকানাও বদলে যায়। (কবিতা - ঠিকানা),
বন্ধু বন্ধু ভাব
এ তো সব ভালো
শরীর-টরীর নিয়ে মাখামাখি ছাড়া
আর বাকি সব ভালো। (কবিতা - বন্ধু), 
মৌমাছিটির মতন
বারেবারে আসি
তবুও তো হয় না কো
বইগুলো বাসি। (কবিতা - বই)।
আছে গ্রন্থনামের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি কবিতাও। রং-এর ছটায় কবিকল্পনার পরিভ্রমণ -
এত রং মেখেছ সমস্ত শরীর জুড়ে
লালে লাল জবা ফুলের মতো ...
তারপর
আমিও রং-এর ছটাগুলো দুহাত ভরে
সারা গায়ে মেখে, অপূর্ব আনন্দে ভেসে
গেলাম - অন্য এক রূপসি নগরে।
কবি জিতেন নাথের কবিতা বরাবরই সরল পথচারী কবিতা। তবু গায়ে মেখে চলে কাব্যগন্ধ। এই বইয়ের ৭৬টি কবিতাও তেমনই। কোথাও কোনো দুর্বোধ্যতা নেই, নেই কোনও ইঙ্গিতবাহী ধোঁয়াশা কিংবা স্যাটায়ার আদি। তবু কবিতা হয়ে দাঁড়ায় কবিতাগুলি।
গ্রন্থের মানানসই প্রচ্ছদের সৌজন্যে স্বপন নন্দী। সূচিপত্র বড্ড অবিন্যস্ত। কবিতা-নাম কিংবা পৃষ্ঠাসংখ্যা খুঁজে পেতে কসরত করতে হয়। কিছু কিছু কবিতার পঙতি বিন্যাসে আরোও খানিকটা যত্নবান হওয়া যেত। তবু সব কিছু ছাপিয়ে কবিতাগুলো জায়গা করে নিয়েছে নিজগুণে। এবং এটাই শেষ কথা। 
‘অন্য এক রূপসি নগরে’
জিতেন্দ্র নাথ
মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৯৩৬৫১৬০৭৩৩

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...